ঢাকা, ০৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে লাইভে এসে শরীয়তপুরবাসীকে এক বিশেষ সুসংবাদ জানালেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি জানান, শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর আহ্বানও জানিয়েছেন হুইপ অপু।
লাইভে হুইপ অপু বলেন, শরীয়তপুরের মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিল। এ অঞ্চলকে উন্নত ও আধুনিক করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।
তিনি জানান, শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দেন এবং অনুরোধ জানান।
হুইপ অপু বলেন, শরীয়তপুরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং আধুনিক ও গর্বিত শরীয়তপুর গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় নিয়ম-কানুন ও প্রক্রিয়া সম্পন্ন করে জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার জন্য এ চিঠি দেওয়া হয়েছে।
হুইপ অপু বলেন, ‘এই সুসংবাদটা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, শরীয়তপুরের প্রত্যেক পরিবারের জন্য দোয়া করবেন।’
বিশ্ববিদ্যালয়টি শরীয়তপুর সদর উপজেলায় প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, শরীয়তপুরের সব উপজেলার মানুষের সহযোগিতা প্রয়োজন। সদর উপজেলায় উপযুক্ত স্থানে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, শরীয়তপুরের অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমও দ্রুত সম্পন্ন করতে চান। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।
শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নতুন উদ্যোগের আগে জেলার উচ্চশিক্ষার প্রসারে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রমও এগিয়ে নিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
তার উদ্যোগে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন ও উপাচার্য নিয়োগের কার্যক্রম এগিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়টির জন্য উপযুক্ত জমি নির্ধারণ এবং স্থাপনা নির্মাণের প্রস্তুতি চলছে। জমি নির্ধারণের পর বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো নির্মাণের কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এরইমধ্যে জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের পর এবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার খবরে শরীয়তপুরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষার প্রসার ঘটবে। তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, বাড়বে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড। শরীয়তপুরকে আধুনিক ও শিক্ষাবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply