ব্রাহ্মণবাড়িয়া, ২১ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রাক্কালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছে। বাধার মুখে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১২টার দিকে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে পৌঁছান রুমিন ফারহানা। শহীদ বেদীর সামনে তিনি ও তার কর্মী-সমর্থকরা অবস্থান নিলে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে উপস্থিত হন। এ সময় তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। পরে পুষ্পস্তবক অর্পণ না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি।
ঘটনার পর রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে ঘটনার বিচার দাবি করেন। এতে মহাসড়কে সাময়িক যানচলাচল ব্যাহত হয়।
রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, নিয়ম অনুযায়ী তিনি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে যান। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে যদি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলের উচ্চপর্যায় থেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও স্লোগান দেওয়ার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply