ঢাকা, ২১ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার সকালে তেজগাঁওয়ে এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে।
এসময় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
নজরুল ইসলাম খান বলেন, দলীয়করণ ও আত্মীয়করণের জন্য অভাবনীয় পরিমাণে ধ্বংস হয়েছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। যেগুলো ঠিক করতে নবগঠিত সরকার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের যে বার্তা দিচ্ছে, তা ইতিবাচক সূচনার ইঙ্গিত। তিনি বলেন, তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না। কাজের জন্য হাত নিয়েও জন্মায়। আমরা যদি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি— তাহলে আমাদের থেকে ধনী দেশ খুব কমই আছে। তাই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বের বহু দেশ আছে যারা পানির জন্য অস্থির হয়ে আছে। ছাদের পানি স্টোর করে তারা প্রয়োজন মেটায়। আমাদের দেশে বন্যা সব ডুবিয়ে দেয়। আবার খরায় ধ্বংস করে ফেলে। যখন আমাদের পানি বেশি হয় সেটা সংরক্ষণ করতে পারি, আবার যখন পানি কম হবে— তখন সেটা ব্যবহার করতে পারি। তখন আমাদের সমস্যা থাকার কথা নয়।
Leave a Reply