হাসিবুর রহমান শিপন-খুলনা বিভাগীয় প্রতিনিধি, ২৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের দলীয় রাজনীতি করার অধিকার নেই।এসব ব্যক্তিকে দলের ‘জঞ্জাল’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, একজন-দুজন চাঁদাবাজি করবেন, আর সমাজে বদনাম ছড়াবে বিএনপির—এটা হতে পারে না। বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার অধিকার নেই। এই অঙ্গীকার নিয়েই তিনি এসেছেন।
মন্ত্রী আরও বলেন, একজন-দুজন মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধূলিসাৎ হতে দেওয়া যাবে না।
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রশাসনকে তিনি বলেছেন, কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে যেন তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অপকর্ম মোকাবিলার জন্য এসব চাঁদাবাজ সামনে থাকবে না। তার দাবি, গত ১৬ বছর রাতের অন্ধকারে এসব চাঁদাবাজ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে টিকে ছিলেন। আগামী দিনেও তাদের কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে দলটিকে আশ্রয় দেওয়ার চেষ্টা করতে পারেন।
তিনি বলেন, এরা কখনো দলের সম্পদ নন; বরং দলের জন্য আবর্জনা ও বোঝা। বিষয়টি মাথায় রেখে নেতা-কর্মীদের আগামী দিনে কাজ করার আহ্বান জানান তিনি। ভালো কাজে তাদের পাশে থাকার আশ্বাসও দেন আইনমন্ত্রী।
Leave a Reply