শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক হয়রানি অর্থনীতির বড় বাধা: হোসেন জিল্লুর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হলেও প্রাতিষ্ঠানিক ভোগান্তির বিষয়টি প্রায়ই আড়ালে থেকে যায়। সাধারণ মানুষ ও উদ্যোক্তারা কর প্রদানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে চাইলেও কাঠামোগত জটিলতায় তা বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে কাঙ্ক্ষিত মাত্রায় করের আওতা বাড়ানো সম্ভব হচ্ছে না। ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান মনে করেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ী, নাগরিক সমাজ ও তৃণমূল পর্যায় থেকে বিশ্বাসযোগ্য ভাষ্য তৈরি করা প্রয়োজন। জাতীয় পর্যায় থেকে এসব বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে শুনতে হবে।

রাজধানীর গুলশানে আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন হোসেন জিল্লুর রহমান। তিনি জানান, দেশের মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলার জন্য লড়াই করছে। বস্তিবাসী, মধ্যবিত্ত, নারী, তরুণ কিংবা কৃষক ও শ্রমিক—সব শ্রেণিতেই পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা ও উদ্যোগী মানসিকতা দেখা যাচ্ছে। দুঃখজনকভাবে, রাষ্ট্রের নীতিনির্ধারক ও সমাজের প্রভাবশালী গোষ্ঠীগুলো সাধারণ মানুষের এই কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী শক্তিকে যথাযথ মূল্যায়ন করছে না।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, বর্তমানের প্রতিকূল পরিস্থিতি নিয়ে চিন্তার পাশাপাশি আগামী পাঁচ বছরে বাংলাদেশকে কোথায় দেখতে চাই, সেই পরিকল্পনা জরুরি। শুধু গণমাধ্যমের নেতিবাচক শিরোনামে মনোযোগ না দিয়ে দেশের নিজস্ব সম্পদ ও সম্ভাবনাগুলো কাজে লাগানোর তাগিদ দেন তিনি। বিশেষ করে তরুণদের উদ্যোগী শক্তিকে কাজে লাগিয়ে ইতিবাচক রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই অর্থনীতিবিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও আন্তর্জাতিক পুঁজির প্রবাহ বাড়াতে ব্যবসার পরিবেশ উন্নয়নে যুক্তরাষ্ট্র কাজ করছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তির (এআরটি) মাধ্যমে স্বচ্ছ শুল্কব্যবস্থা ও ব্যবসায়িক নিয়মকানুন সহজীকরণে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ডিএফসি জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঋণ, ইকুইটি বিনিয়োগ এবং রাজনৈতিক ঝুঁকি বিমার মতো সুবিধা প্রদান করে, তবে এজন্য প্রকল্পগুলো লাভজনক হতে হবে।

রাষ্ট্রদূত বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে জানান, বর্তমানে শেভরন দেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করছে। এ ছাড়া এক্সিলারেট ও জিই ভারনোভা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সক্রিয় ভূমিকা রাখছে। বিনিয়োগ পরিবেশ সহজতর করার দাবি জানিয়ে আইবিএফবির সভাপতি সৌদিয়া খান বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভূমিকা আরও জোরালো করা দরকার। নির্মাণ অনুমোদন ও ব্যবসায়িক সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করা না গেলে কাক্সিক্ষত বিনিয়োগ আসবে না।

সৌদিয়া খান আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ ও শিল্পায়নের নতুন সম্ভাবনা নিয়ে আইবিএফবি গোলটেবিল বৈঠকের আয়োজন করছে। তিনি বলেন, মার্কিন বিনিয়োগকারীদের সাথে সংযোগ বাড়াতে আইবিএফবি কাজ করতে আগ্রহী। তবে ব্যবসায়িক নীতি সহজ, ন্যায্য ও স্বচ্ছ হওয়া অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন। বার্ষিক এই সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর