গত দুই বছর অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আমন ও বোরো চাষে লোকসান গুনতে হয়েছিল চাঁদপুরের মতলব উত্তরের কৃষক মনির হোসেনকে। তবে চলতি মৌসুমে পরিস্থিতি বদলেছে। ঋণ নিয়ে ৭২ শতক জমিতে আমন আবাদ করে এবার ভালো ফলন পেয়েছেন তিনি। মনির হোসেন জানান, উৎপাদন খরচ বাদে প্রতি মণে প্রায় ৬০০ টাকা লাভ হচ্ছে। ৭৫ মণ ধান উৎপাদনের প্রত্যাশায় থাকা এই কৃষকের মোট লাভের পরিমাণ প্রায় ৪৫ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেবল মনির হোসেন নন, তার মতো উপজেলার ৩২ হাজারের বেশি কৃষক আমন বিক্রি করে সংসারে নতুন করে সচ্ছলতা ফিরিয়ে আনছেন।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি খরিপ-২ মৌসুমে মতলব উত্তরে ৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। বিগত বছরের ৮ হাজার ৯০০ হেক্টর জমির তুলনায় এবার আবাদ বেড়েছে। মোট ৩২ হাজার ৫০০ জন কৃষক এই মৌসুমে ধানের চাষ করেছেন, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ২৩০ মেট্রিক টন। গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়, বৈদ্যনাথপুর, পূর্ব নাউরী, সিপাইকান্দি, লুধুয়া, গজরা, ঠেটালিয়া ও মোহনপুর এলাকা ঘুরে দেখা যায়, চারদিকে সোনালি ধানের সমারোহ। ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা ধান কাটা ও মাড়াইয়ের কাজে। গতকাল বুধবার সকালে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে স্থানীয় একাধিক কৃষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। পাকা ও আধা পাকা আমনের সোনালি ফলন দোল খাচ্ছে বাতাসে। পাকা ধানের সোঁদা গন্ধে ভরে গেছে চারপাশ। খেতের পাশে, বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ।
ফতেপুরের কৃষক মিজানুর রহমান বলেন, বিগত কয়েক বছরের ক্ষতি কাটিয়ে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। ধান ও চালের বাজারদর ভালো থাকায় পরিবারে চালের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাড়তি ধান বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। একইভাবে ঘনিয়ারপাড়ের মোহাম্মদ জাকির হোসেন, ছেংগারচরের মো. রাকিব হোসেন ও গজরার দেলোয়ার হোসেনসহ অন্তত ২০ জন কৃষকও ভালো ফলন ও লাভের কথা জানিয়েছেন। কৃষকদের মতে, অতিবৃষ্টি বা জলাবদ্ধতার মতো বড় ধরনের কোনো দুর্যোগ এবার আমনখেত নষ্ট করতে পারেনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী জানান, অনুকূল আবহাওয়া ও পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এ বছর আমনের বাম্পার ফলন নিশ্চিত হয়েছে। তার কার্যালয় থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। আমন চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে এবং ভালো দাম পাওয়ায় তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটছে। ধান কাটা ও ঘরে তোলার পর এখন কৃষকেরা তা বাজারে বিক্রির উপযোগী করে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন।
Leave a Reply