মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পরিকল্পনা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তা জোরদারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কন্ট্রোলরুমসহ সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ শাখাসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা জোরদার করা হবে।

ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানেরা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর