আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ নং রায়পুর ইউনিয়নের নখারপাড়া (সোডা পীর) এলাকায় অবস্থিত পাইলট আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, গোয়েন্দা সংস্থার লোকজন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা সহ সংশ্লিষ্টরা।
অভিযানকালে দেখা যায়, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল পাইলট আইসক্রিম। আইসক্রিম তৈরিতে অনুমোদনহীন কেমিক্যাল, কাপড়ে ব্যবহৃত রংসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগও উঠে আসে। এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি আইসক্রিম খেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কোমলমতি শিশুরা নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
জানা গেছে, ওই আইসক্রীম ফ্যাক্টরীটি দীর্ঘদিন যাবৎ দাপটের সাথে পরিচালনা করে আসছেন এলাকার প্রভাবশালী আশরাফুল ইসলাম।
এলাকাবাসীর দাবি, শুধু একটি কারখানায় অভিযান চালিয়েই যেন প্রশাসনের কার্যক্রম সীমাবদ্ধ না থাকে। পীরগঞ্জ উপজেলার অন্য কোথাও অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম বা খাদ্যপণ্য তৈরি হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply