সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

জামানত ছাড়াই মিলবে ৫০ হাজার টাকা ঋণ : জানুন আবেদনের নিয়ম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

অর্থ-বানিজ্য ডেস্ক, ১৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জামানত ছাড়াই গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকিং সেবাবহির্ভূত মানুষ, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ যাদের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জামানত দেওয়া কঠিন, তাদের জন্য এই ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমটি বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখবে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের আগ্রহ ও অভ্যস্ততা বাড়বে, যা নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গঠনে সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা সার্কুলার অনুযায়ী, এই স্কিমটির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গত ৯ নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনার প্রজ্ঞাপন জারি করা হয়। এই স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন, যার পরিশোধের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ রাখা হয়েছে। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজে ঋণ সুবিধার আওতায় আনা।

ই-ঋণ স্কিমের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছেন প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং প্রান্তিক নারী। এছাড়া ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও এই বিশেষ ঋণের জন্য অগ্রাধিকার পাবেন। ‘ই-ঋণ’ স্কিমে ঋণ বিতরণের ক্ষেত্রে কয়েকটি জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ঋণের আবেদন এবং কিস্তি পরিশোধের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব। ফলে ব্যাংকে সশরীরে যাওয়ার প্রয়োজন ছাড়াই গ্রাহক ঘরে বসেই ঋণ সেবা গ্রহণ করতে পারবেন। মূলত অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই আর্থিক খাত গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য কমানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক এই স্কিমটি ঢেলে সাজিয়েছে। এ ধরনের সহজলভ্য ঋণের মাধ্যমে প্রান্তিক মানুষের আয়বর্ধক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর