চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি হিসেবে নিজের পরিচয় দেওয়া আইনজীবী এম কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং পূর্বে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত দেড় মাস ধরে তিনি কর্ণফুলীর সিডিএ টেক এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁর ভাড়া বাসায় গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নেয়।
শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, কামাল উদ্দিনকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি, বরং নিরাপত্তার স্বার্থেই তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। থানায় আগে থেকে তাঁর বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
ওসি নূর আহমেদ আরও জানান, কামাল উদ্দিনের বিষয়ে স্থানীয় লোকজনের কোনো অভিযোগ রয়েছে কি না, সে বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে কিছু মৌখিক বা সাধারণ অভিযোগ পাওয়া গেছে, যা তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply