বেনাপোল, ১২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বেনাপোল স্থলবন্দরে মিথ্যা তথ্য দিয়ে শুল্ক ফাঁকি এবং গোপনে পণ্য পাচারের চেষ্টার সময় ২৫ টন কেমিক্যালবোঝাই একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবাহী ট্রাকটি বের করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাস্টমস কর্মকর্তারা চালানটি জব্দ করেন। আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনালের এই পণ্য চালানটি বন্দর থেকে বের করার প্রক্রিয়ায় সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, পণ্যটির কাগজপত্রে ট্যালকম পাউডার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। বন্দরে পৌঁছানোর পর কোনো ধরনের কাস্টমস এন্ট্রি সম্পন্ন না করেই এবং সরকারি রাজস্ব পরিশোধ ছাড়াই একটি ট্রাকে করে পণ্যটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। বিষয়টি কর্মকর্তাদের নজরে এলে তারা ট্রাকটি গতিরোধ করে তল্লাশি চালান। কাগজপত্র যাচাই-বাছাই ও সন্দেহের ভিত্তিতে পণ্যসহ ট্রাকটি আটক করা হয়। বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের কাছে সন্দেহজনক মনে হলে তাঁরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, কাগজপত্রে ট্যালকম পাউডারের কথা উল্লেখ থাকলেও বাস্তবে এর আড়ালে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অপচেষ্টা চালানো হয়েছে। বর্তমানে পণ্যটির প্রকৃত পরিচয় ও শুল্কযোগ্যতা যাচাই করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। কাস্টমস আইনের আওতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানিয়েছেন, আটককৃত পণ্য চালানটি বর্তমানে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে বন্দরের পক্ষ থেকে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, আটক চালানটির প্রকৃত রহস্য উন্মোচন, শুল্ক-কর নির্ধারণ এবং এর সাথে জড়িত আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
Leave a Reply