সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

পাসপোর্ট লাগবে না, বরং বিমানে নয়, খাঁচায় করে তাঁকে ফিরিয়ে আনা হবে : আসিফ মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঢাকা, ০৯ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের খবরের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, দেশে ফিরতে তাঁর কোনো পাসপোর্ট লাগবে না, বরং বিমানে নয়, খাঁচায় করে তাঁকে ফিরিয়ে আনা হবে।

আজ সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।”

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বঘোষিত নির্বাসন ভেঙে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন পাঠিয়েছেন।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, পূর্ববর্তী কর্তৃপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি বাতিল করায় তাঁর মূল নাগরিকত্বের ভিত্তিতে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি ইস্যু করা প্রয়োজন। আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান দমনে প্রাণঘাতী বলপ্রয়োগ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর (২০২৫ সালের নভেম্বরে) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে যে, কোনো নিয়মিত পাসপোর্টের মাধ্যমে নয়, বরং ভারতের সাথে বিদ্যমান বন্দি বিনিময় (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় এই পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে খাঁচায় বন্দি করে রায় কার্যকর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর