ঢাকা, ০৯ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ, উত্তরার শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে এবং বাঙলা কলেজের ক্যাম্পাসের গেটে ও পোস্তগোলা ব্রিজের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে ফার্মগেট ও শিল্পাঞ্চলের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তেজগাঁও বিভাগের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসের এক পাশে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
অন্যদিকে বাঙলা কলেজ ক্যাম্পাসের ফটকে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
এদিকে, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পোস্তগোলা সেতুর ওপর দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ব্যাগভর্তি ককটেল পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সেখানে বৃষ্টির মধ্যেই পুলিশের সদস্যরা অবস্থান করছেন। বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে।
এ ছাড়া রাজধানীর মালিবাগ মোড়ের গ্যাস পাম্পের সামনেও দুটি ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Leave a Reply