বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

খুলনাতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ সময় দেখুন

খুলনা, ০৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় তিনি মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত শিক্ষার্থীরা। তাঁদের উচ্ছ্বাসে পুরো স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্স পরিবেশনা। বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী মনোমুগ্ধকর এ পরিবেশনা উপস্থাপন করেন। মানচিত্রদেখুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে চলমান ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কর্মসূচির অংশ হিসেবে দুই দেশের শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মধ্যে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় হচ্ছে। এ কর্মসূচির আওতায় বিকেএসপির প্রশিক্ষকেরা চীনা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন। অন্যদিকে, ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রশিক্ষকেরা বিকেএসপির শিক্ষার্থীদের চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট উশু প্রশিক্ষণ দেন।

এ ছাড়া চীনা প্রশিক্ষকদের কাছ থেকে টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন বিকেএসপির ক্রীড়াবিদেরা।

‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ আয়োজনের মূল লক্ষ্য শিশু-কিশোরদের মধ্যে সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা। এর মাধ্যমে ক্রীড়াকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং পেশা ও জীবিকার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে খুলনায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠান শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াচর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি বাংলাদেশ ও চীনের ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করেছে।

এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে যান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে রূপসার তিলক কুদির বটতলা থেকে রূপসা ব্রিজ পর্যন্ত রাস্তার দু’পাশে মানব প্রাচীর গড়ে তোলা হচ্ছে। দলে দলে নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এখানে সমবেত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ এসআরবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। পাশাপাশি দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর