নোয়াখালী, ০২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শেষ করে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। কূপটির দুটি আলাদা জোনে প্রায় ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখান থেকে উৎপাদিত গ্যাস প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। কোম্পানীগঞ্জের পাশাপাশি নোয়াখালীর মানুষও এ খবরে উচ্ছ্বসিত।’।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অগ্নিপ্রজ্বালনের মাধ্যমে এই কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এর মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতের ইতিহাসে আরেকটি নতুন সম্ভাবনা তৈরি হলো। রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
বাপেক্সের নিজস্ব ‘বিজয়-১০’ খননযন্ত্র ব্যবহার করে চলতি বছরের গত ৮ জুলাই এই কূপের খননকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগ এবং ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রায় সাড়ে তিন মাস ধরে ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত সফল খনন চালানো হয়।
প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, কূপের দুটি জোনে থাকা ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট বা ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের বর্তমান বাজারমূল্য প্রায় ৫ হাজার ৮৯ কোটি টাকা। সফল পরীক্ষা-নিরীক্ষা শেষে এই কূপ থেকে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। ভোক্তা পর্যায়ের বর্তমান বাজারমূল্য হিসাব করলে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, কূপটিতে গ্যাসের পাশাপাশি অন্য কোনো খনিজ বা তরল পদার্থ আছে কিনা, তা আগামী ১৫ দিনের নিবিড় পর্যবেক্ষণ এবং ডিএসটি পরীক্ষা শেষে নিশ্চিত করা যাবে। এছাড়া বাপেক্সের ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান অগ্নিপ্রজ্বালনের মাধ্যমে গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি স্থানীয় জনগণও যেন এর সুফল পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, নতুন এই গ্যাসের সন্ধান দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি করেছে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম আশা প্রকাশ করেন যে, এই গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে বৃহত্তর নোয়াখালীর শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান পাওয়া নোয়াখালীবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ আবিষ্কার দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’।
Leave a Reply