সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণে ৪ দিন গ্যাস সংকটের শঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২২ সময় দেখুন

চট্টগ্রাম, ০২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে, যার ফলে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে। গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য পেট্রোবাংলা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

এর পাশাপাশি, কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু এলাকায় গভীর নলকূপ খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস নির্গমণ ও অগ্নিকাণ্ডের ঘটনাটিও বর্তমানে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে পেট্রোবাংলা ও বাপেক্স। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রায় ১ হাজার ফুট গভীরে খননকাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে বাপেক্সের দুইজন ভূতত্ত্ববিদ ঘটনাস্থলে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঘটনার পরপরই বাপেক্সের দুইজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়।

আগুন ছড়িয়ে পড়া রোধে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গ্যাস উন্মুক্তভাবে নির্গমণের সুযোগ দেওয়া হচ্ছে এবং পেট্রোবাংলার ধারণা, আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের তীব্রতা কমে আসতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে অগ্নিনির্বাপণসহ গ্যাস প্রবাহ স্থায়ীভাবে বন্ধ করার বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হবে। নিরাপত্তার খাতিরে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্যাসের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ন্ত্রণে পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে। এলাকাটিতে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণের জন্য দ্বিমাত্রিক বা টু-ডি সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় ভূতাত্ত্বিক কার্যক্রম শুরু করা হয়েছে। আতঙ্কিত না হয়ে জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর