রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

প্রায় দুই মাস বন্ধ থাকার পর বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন

অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রায় দুই মাস বন্ধ থাকার পর বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশটি। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যায় নেপালের ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া কেন্দ্র দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ হয়ে যায়। একই কারণে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভারতের হরিয়ানা রাজ্যে বিদ্যুৎ রপ্তানিও আংশিকভাবে ব্যাহত হয়।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা জানিয়েছেন, বিকল্প জলবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির জন্য ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

নতুন ব্যবস্থায় নেপালের সোলু খোলা ও কাবেলি বি-১ জলবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে লোয়ার মোদি খোলা জলবিদ্যুৎকেন্দ্র থেকে ভারতের হরিয়ানায় বিদ্যুৎ সরবরাহের অনুমতি মিলেছে। এর আগে ত্রিশূলী, চিলিমে ও দেবীঘাট জলবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন ছিল।

দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা বলেন, বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ও সঞ্চালন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বিকল্প উৎস থেকে বিদ্যুৎ রপ্তানি অব্যাহত রাখা নেপালের বিদ্যুৎ বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশে রপ্তানি পুনরায় শুরু হওয়ায় বর্ষা মৌসুমে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ ব্যবস্থাপনা সহজ হবে। পাশাপাশি আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মধ্যে পাঁচ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা নেপালের।

এদিকে বন্যায় একাধিক জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও ভারতে বিদ্যুৎ রপ্তানি থেকে নেপালের আয় বেড়েছে। চলতি বছরের মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর পর্যন্ত দেশটি ভারতে ৬৩ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ইউনিট বিদ্যুৎ রপ্তানি করে ৫৯ কোটি ২৫ লাখ নেপালি রুপি আয় করেছে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ৯৬ কোটি ২০ লাখ রুপি বেশি। একই সঙ্গে চলতি বছরের মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের তুলনায় আয় বেড়েছে ৮৩ কোটি ২৫ লাখ রুপি।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর