আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৫ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি তাঁর নির্দ্ধারিত দায়িত্বের পাশাপাশি পীরগঞ্জ উপজেলা পরিষদ, পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা ভূমি অফিসের সহকারী ভূমি কমিশনারের দায়িত্ব পালন করছেন। অভিযোগ উঠেছে ওই সকল অতিরিক্ত দপ্তরের সেবা গ্রহীতারা দিনের পর দিন হয়রানীর শিকার হচ্ছেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন ভূক্তভোগীরা। পীরগঞ্জ উপজেলার প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলা সহকারী ভূমি কমিশনার তানভীর আহমেদ একই সময়ে বদলী হয়ে ভিন্ন কর্মস্থলে চলে গেলে ওই শূন্যতার সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল্ বাকীউল বারী গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ হতে সহকারী ভূমি কমিশনারের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
বাংলাদেশের সব উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান, মেয়রদের ১৯ আগস্ট ২০২৪ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে অপসারণ করা হয়। স্থানীয় সরকার (উপজেলা,পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ প্রয়োগ করে এই চেয়ারম্যান ও মেয়রদের পদ থেকে সরিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়। সে কারণে ওই দু’টি দপ্তরের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করতে হচ্ছে।
ভূমি অফিসে সেবা নিতে আসা এবিএম খালদুন নবী সোহেল জানালেন, অনলাইন আইডিতে দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঢুকছেন না, ফলে জমি-জমার কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এছাড়াও ভূমি অফিসে সেবা নিতে আসা আতিয়ার রহমান জানালেন, জমি খারিজের জন্য সব কাগজপত্র জমা দিয়েছেন, দেড় মাসেও তা সম্পন্ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন।
সচেতন মহল মনে করেন, একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিতর্কিত করতে এত বেশী দায়িত্ব প্রদান করা ঠিক হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল্ বাকীউল বারী জানালেন,” এ বিষয়ে মন্তব্য করার কোন সুযোগ নেই, তবে সরকার দায়িত্ব দিয়েছে আমি তা পালন করার চেস্টা করছি।”
Leave a Reply