বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

তরুণ প্রজন্ম সক্রিয় রাজনীতিতে অংশ নিলে একদিন আপনারাই আমাদের আসনে বসবেন : ডেপুটি স্পিকার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে ‘তারুণ্যের ইশতেহার ২০২৬: হ্যাঁ, জয়যুক্ত হয়েছে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দেশের গণতন্ত্র, আইনের শাসন ও সামগ্রিক পরিবর্তন নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, শুধু পরিবর্তনের প্রত্যাশা করলেই হবে না, সেই পরিবর্তন বাস্তবায়নে তরুণদেরও সম্পৃক্ত হতে হবে।

কায়সার কামাল বলেন, একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের নেতৃত্ব দিতে হবে। দেশের সামগ্রিক পরিবর্তন ও সমাজের ইতিবাচক রূপান্তরের জন্য রাজনীতিতে তাঁদের অংশগ্রহণ জরুরি। তরুণদের পেশ করা দাবিনামার ভাষা, উপস্থাপনা ও বক্তব্যের ধরন কোনো সংসদ সদস্যের চেয়ে কম নয়। তাই তাঁদের মধ্য থেকে অনেককে রাজনীতিতে আসার এবং সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রাজনীতির বর্তমান অবস্থা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, গত দেড় শতকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। রাজনীতি আর আদর্শের জায়গায় নেই। চাঁদাবাজ, মাদকাসক্ত, বখাটে ও কর্মবিমুখ মানুষের হাতে রাজনৈতিক চালিকাশক্তি চলে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে সুশিক্ষিত, সৎ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মায়ের বুক খালি হয়েছে। স্বজন হারানো পরিবারের আহাজারি এখনো থামেনি, বিচারপ্রক্রিয়াও শেষ হয়নি। এ অবস্থায় তরুণ প্রজন্মের ঘরে বসে থাকার সুযোগ নেই।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় তরুণেরা কোনো রাজনৈতিক দলের পরিচয় বা আহ্বানের অপেক্ষা করেননি। গণতন্ত্র, আইনের শাসন ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছিলেন। এখনো দেশ ও গণতন্ত্র রক্ষায় তাঁদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

কায়সার কামাল বলেন, তরুণদের মধ্যে মতপার্থক্য ও গঠনমূলক সমালোচনা থাকতে পারে। তবে গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অর্থবহ পরিবর্তন আনতে না পারলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে।

দেশের বিভিন্ন আন্দোলনে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের নেতৃত্বেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। এখন একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তাঁদের অংশীদার হতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বক্তব্যের প্রসঙ্গ তুলে ডেপুটি স্পিকার বলেন, এই কথাকে শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, সবার হৃদয়ে ধারণ করতে হবে। সরকারি দল কিংবা বিরোধী দল—সবার আগে বাংলাদেশ, এই চেতনায় কাজ করতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণেরা অনুষ্ঠান থেকে ইতিবাচক বার্তা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে দেশ গঠনে ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন। শুধু অনুষ্ঠান আয়োজন করলেই হবে না, এর ইতিবাচক প্রভাব সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তাঁদের অনেককেই আগামী জাতীয় সংসদে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইডিআরের নির্বাহী পরিচালক সাইয়িদ আহমেদ। এ সময় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মারদিয়া মমতাজ, আনিছুর রহমান, মাহমুদা হাবীবাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর