ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা ছিলেন। এ সময় তারা পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন।
আরাফাত রহমান কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে। ২০১৫ সালে কোকো মারা যাওয়ার সময় বড় ভাই তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসিত ছিলেন। সেসময় দেশে এসে ভাইয়ের শেষকার্যে অংশ নিতে পারেননি তিনি। আজ প্রথমবারের মতো কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান।
আরাফাত রহমান কোকোর জন্ম ঢাকায়, ১৯৬৯ সালে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান আরাফাত রহমান কোকো।
তিনি স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।
Leave a Reply