শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ঢাকা, ০৬ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কর্মসূচি ও দিবসটির তাৎপর্য তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। পলাতক আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বিভিন্নভাবে অরাজকতা তৈরির চেষ্টা করছে।

রিজভী বলেন, ‘পোশাকশিল্পে শ্রমিকদের ন্যায্য দাবি থাকতে পারে এবং সেসব দাবি নিয়ে আলোচনা হয়েছে। দাবি মেনে নেওয়ার পরও কারখানা ভাঙচুর, পুলিশ বক্সে আগুন দেওয়া, গাড়িতে আগুন দেওয়া এবং একজন শ্রমিককে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে।’

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পোশাকশিল্পে অস্থিরতা তৈরি করে কি পরাজিত শক্তি ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায়?’

বিরোধী মত দমনে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, এসব ঘটনার সঙ্গে প্রকৃত শ্রমিক আন্দোলনের সম্পর্ক নেই।

রিজভী অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনায় উসকানিদাতাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন। তাদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগের নেতা। কোন কারখানার মালিকেরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, সেটিও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এসব কারখানার অধিকাংশ মালিক আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। হঠাৎ কারখানা ছুটি দিয়ে শ্রমিকদের উসকে দেওয়ার ঘটনাও ঘটেছে।

৭ নভেম্বরের শোভাযাত্রাকে কেন্দ্র করে কোনো সহিংসতার আশঙ্কা রয়েছে কী না, এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জনগণ ও সরকার এ বিষয়ে প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবে।’

রিজভী বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশার পর জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। সেই সরকারকে বিচলিত করতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ১৭ বছর ধরে দেশের ব্যাংক, আর্থিক খাত ও রাষ্ট্রীয় কোষাগার লুট করেছেন, তাদের অনেকে বিদেশে পালিয়ে গেছেন। আবার কেউ কেউ দেশে থেকে অরাজকতা তৈরির চেষ্টা করছেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি পোশাকশিল্পে সম্ভাব্য অস্থিরতা নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার প্রতিফলন দেখা যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপির ওই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সূত্রে আরও বেশি তথ্য পৌঁছায়। তার আশঙ্কার কিছু প্রতিফলন সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন এক বিষয়। কিন্তু কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশ বক্সে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এসব কারা করছে, তা সবার কাছে স্পষ্ট। শ্রমিকদের সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে চেষ্টা করেছে এবং সংকটের সমাধান হয়েছে।’

পোশাকশিল্পের শ্রমিক আন্দোলনে বিরোধী দলগুলোর সমর্থন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে তার আলাদা করে কিছু বলার নেই। তবে এসব ঘটনা ফ্যাসিবাদের সঙ্গে গুপ্ত রাজনীতির সম্পর্কের বিষয়টি আবারও সামনে এনেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর