বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

জাতীয় সংগীতের সময় স্ক্রিনে হাসিনার ছবি প্রদর্শন, নোবিপ্রবিতে ৩ সদস্যের তদন্ত কমিটি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৩ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রদর্শিত ভিডিওতে ক্ষমতাচ্যুত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে ২০২৬’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধনকালে জাতীয় সংগীত পরিবেশনের সময় অডিটোরিয়ামের স্টেজের পেছনে থাকা ডিজিটাল স্ক্রিনে একটি ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধান ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ছবি দেখানো হয়।

এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। সংশ্লিষ্টরা নোটিশের জবাবও দিয়েছেন বলে জানা গেছে।

পুরো ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. হাছান উদ্দীনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গাজী মো. মহসিন (সদস্য) এবং প্রক্টর প্রফেসর এ এফ এম আরিফুর রহমান (সদস্য-সচিব)।

এদিকে সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর