হেলথ ডেস্ক, ২৩ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৮২ জনের মৃত্যু হলো। আর এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ২৬ হাজার ৮৯৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের সঙ্গে সঙ্গে দেশে ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
Leave a Reply