আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২০ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা বাজারে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরে আলম সরকার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজার চতরা বাজারের সরকার মার্কেটে অভিযান পরিচালনা করেন। এ সময় নুরে আলম সরকারের কাপড়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার হেফাজত থেকে ১১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত নুরে আলম সরকার পীরগঞ্জ উপজেলার ইকলিমপুর (আলতাবনগর মসজিদ সংলগ্ন) এলাকার মৃত আলী আকবর সরকারের ছেলে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-২২/২৩৭) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply