রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

রংপুরের পীরগাছায় বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৭ সময় দেখুন

রংপুর, ২৬ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগাছায় বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের সতন্তরা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (২৬ জুন) সকালে নিহতের স্বামীর করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

নিহতের নাম নুসরাত জাহান নুপুর (২০)। গ্রেপ্তাররা হলেন নিহতের ভাই খালিদ হাসান মিলু (২৫) এবং ভাবি দিলরুবা আক্তার দিশা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি নুসরাত জাহান নুপুরের বাবার বাড়িতে তার মৃত্যুর ঘটনায় পীরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা. জামিল আহমেদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নুপুরের মৃত্যু শ্বাসরোধে হয়েছে। এ প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ নিহতের ভাই ও ভাবিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে নির্যাতন ও হত্যা মামলা দায়ের করলে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত জাহান নুপুর ভালোবেসে একই ইউনিয়নের আহাদ আলীকে বিয়ে করেছিলেন। তবে তাদের এ বিয়ে নুপুরের পরিবার মেনে নেয়নি।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে বাবার অসুস্থতার কথা বলে কৌশলে নুপুরকে বাবার বাড়িতে ডেকে আনা হয়। সেখানে তাকে স্বামীকে তালাক দিতে চাপ দেওয়া হয়। তিনি রাজি না হলে তাকে মারধর করা হয়। পরে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়।

পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে নুপুরের ভাই, ভাবি, মা ও ফুফুকে আসামি করে হত্যা মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার দায় কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের রিমান্ড আবেদন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর