মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ : সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৪ সময় দেখুন

ঢাকা, ২৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের সময় উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ওই নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায় তা অনুমোদনযোগ্য নয়।

এ কারণে ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তার ইমেরিটাস অধ্যাপক পদে আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই সভার তারিখ থেকে ইমেরিটাস অধ্যাপক পদে উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ এক গণমাধ্যমকে বলেন, তিনি ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। তার দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সঙ্গে অন্যায় ও অবিচার করেছে।

তিনি বলেন, ‘পৃথিবীর কোথাও এমন সম্মানজনক পদ এভাবে কেড়ে নেওয়ার নজির নেই। প্রায় ৫০ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমার অনেক ছাত্র আজ দেশের স্বনামধন্য অধ্যাপক। জীবনের শেষ সময়ে এসে এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়। কারা এবং কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছে, তা তারাই ভালো জানে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর