সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ আর নেই

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা, ২২ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সেলিমা আহমাদ মেরীর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন সেলিমা আহমাদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেলিমা আহমাদ দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী ছিলেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও তিনি সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন সেলিমা আহমাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ব্যবস্থাপনা এবং নেতৃত্ব উন্নয়ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে হোমনা ও তিতাস উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ এবং নারী আত্মকর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর