মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ৩০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর শারিকখালীর বাসিন্দা মো. আনোয়ার হোসেন (ছদ্মনাম: রেজাউর রহমান রেজা) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০এপ্রিল) তাকে ঢাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করে “রেজাউর রহমান রেজা” নামে ঢাকায় অবস্থান করছিলেন। তিনি ২০০৭ সালে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন, যেখানে এক ব্যক্তিকে হত্যা করা হয়।
ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড প্রদান করে। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।
পুলিশ আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, “দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
Leave a Reply