ঢাকা, ২২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে জামায়াত জোটের অন্য ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে এমন সিদ্ধান্তের কথা জানায় ইসি।
জানা গেছে, জামায়াত জোটের শরিক এনসিপির এই নেত্রী ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন। আর ২০২৫ সালে রাজনীতিতে নাম লিখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন।
গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর সময় পার না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
এক্ষেত্রে জামায়াত জোটের ১৩ জনের মধ্যে মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধ হওয়ার সুযোগ নেই। এতে জামায়াত জোটের জন্য বরাদ্দ ১৩টি আসনের মধ্যে একটি কমে যেতে পারে।
আইন অনুযায়ী, কোনো জোটের জন্য নির্ধারিত আসনের চেয়ে মনোনয়ন কম হলে সেই আসনটি সকল দল বা জোটের জন্য উন্মুক্ত হয়ে যাবে। ফলে নতুন তফসিলে নির্বাচন হলে বিএনপি জোটের একটি আসন বেড়ে ৩৭টি হতে পারে।
কেননা, এমন নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিয়ে সংরক্ষিত নারী আসনের সংশ্লিষ্ট পদে নির্বাচিত করবেন। আর এতে বিএনপির ভোট বেশি থাকায় দলটি সেই আসন পেতে পারে বলে মনে করছেন ইসি কর্মকর্তারা।
Leave a Reply