সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

অনলাইনে আয়ের প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ : বিমানবন্দর থেকে প্রতারক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৬ সময় দেখুন

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): অনলাইনে “টাস্ক” সম্পন্ন করে সহজে আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম– মো. হারুন অর রশিদ (২৯)। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা। আজ সোমবার বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন ও প্রলোভনমূলক বার্তার মাধ্যমে ভুক্তভোগীদের ফাঁদে ফেলত এই চক্র। অনলাইন “টাস্ক” সম্পন্নের নামে বিভিন্ন পোস্টে লাইক-শেয়ার করা বা নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের নির্দেশনা দিয়ে প্রথমে স্বল্প পরিমাণ অর্থ প্রদান করা হতো। এতে আস্থা তৈরি হলে পরে বড় অঙ্কের লাভের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে বেশি টাকা বিনিয়োগে বাধ্য করা হতো।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি চারটি বিকাশ নম্বর ও নয়টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এক ভুক্তভোগীর কাছ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় ভুক্তভোগী সিআইডির সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ দিলে তাকে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে রাজধানীর লালবাগ থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি সিআইডি তদন্তে নেয়।

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করে সিআইডি। আদালতের নির্দেশে তাদের পাসপোর্ট জব্দ ও বিদেশ যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল মালয়েশিয়া থেকে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে হারুন অর রশিদকে আটক করা হয়। পরদিন তাকে গ্রেপ্তার করে সিআইডির হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর