ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিশ্বব্যাপী তৈরি হওয়া জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান। বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে সরকারকে। এতে জনমনে অস্থিরতা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার। এ অর্থ সরকার ভর্তুকি দিবে।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। যা কাল শনিবার থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে।
প্রসঙ্গত, ডিজেল-পেট্রোলের নতুন দাম নির্ধারণ করেছে পাকিস্তান। দেশটিতে পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম ৪৩ শতাংশ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক।
সরকার জানিয়েছে, পেট্রোলের দাম ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে লিটারপ্রতি ৪৫৮ দশমিক ৪০ পাকিস্তানি রুপি নির্ধারণ করা হয়েছে। একইভাবে ডিজেলের দাম ৫৪ দশমিক ৯ শতাংশ বাড়িয়ে লিটারপ্রতি ৫২০ দশমিক ৩৫ রুপি করা হয়েছে। নতুন এই মূল্য শুক্রবার থেকে কার্যকর হয়েছে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। সীমিত বাজেটের মধ্যেও জনগণকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে চলমান যুদ্ধের শেষ কবে হবে তা অনিশ্চিত থাকায় দাম সমন্বয় করা ছাড়া বিকল্প ছিল না।
Leave a Reply