মৌলভীবাজার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া নবীন চন্দ্র স্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা হবে। তিনি বলেন, শ্রমিকদের সন্তানদের মেধা বিকাশের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, যাতে একজন শ্রমিকের সন্তানও একদিন দেশের সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছাতে পারে।
ডা. শফিকুর রহমান বলেন, তিনি ‘চায়ের রাজধানী’ মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছেন। চা শ্রমিকদের অবহেলা করা মানে নিজেকেই ভুলে যাওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে। যদি কোনো শ্রমিক ভাই বা বোনের সন্তান মেধাবী হয়, রাষ্ট্র তার দায়িত্ব নেবে।’
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিমানবন্দরটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত না হওয়ায় প্রবাসীরা ভোগান্তিতে পড়ছেন। জামায়াত ক্ষমতায় গেলে সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে এবং ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করা হবে।
তিনি বলেন, পাহাড়ি, সমতল ও নিম্নাঞ্চলের সব জাতি–ধর্ম–শ্রেণির মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য। ‘এক শ্রেণি সম্পদের পাহাড় গড়বে আর আরেক শ্রেণি অনাহারে থাকবে—এটা হতে দেওয়া হবে না,’ বলেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রবাসে কর্মরত কোনো শ্রমিক মারা গেলে রাষ্ট্রীয় উদ্যোগে মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে এবং তার পরিবারের দায়িত্ব সরকার নেবে। চুরি ও চাঁদাবাজি বন্ধ করা গেলে এসব দায়িত্ব যথাযথভাবে পালন সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ১২ তারিখের ভোট হবে বাংলাদেশ পরিবর্তনের ভোট, যা ‘চব্বিশের যোদ্ধা ও শহীদদের আকাঙ্ক্ষার প্রতিফলন’। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হবে বলেও তিনি দাবি করেন।
কুলাউড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী সায়েদ আলীর পরিচয় দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই আসনে মূল প্রার্থী সায়েদ আলী এবং তিনি নিজে ‘ছায়া প্রার্থী’ হিসেবে মাঠে রয়েছেন।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাহেদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী। সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলীয় নেতারা।
Leave a Reply