মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৬০৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): হলফনামায় যুক্তরাজ্যের নাগরিকত্বের কথা উল্লেখ থাকায় রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাইবাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

 

তবে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী স্বীকার করেছেন, হলফনামায় টাইপ করতে ভুল হয়েছে। তবে তার অভিযোগ, অন্য প্রার্থীদের হলফনামা সংশোধনের সুযোগ দেওয়া হলেও তাকে দেওয়া হয়নি। তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

 

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রংপুর-১ (গঙ্গাচড়া-আংশিক মহানগর) আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাইবাছাই কার্যক্রম শুরু হয়। পরে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় এবং একজনের মনোনয়ন বাতিল করা হয়।

 

যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, বাসদের (মার্কসবাদী) আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস, খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, বিএনপির মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আল মামুন।

 

কিন্তু দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করা হয়।

 

মনোনয়ন যাচাইবাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

তিনি জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীর হলফনামা পর্যালোচনায় দেখা গেছে তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং হলফনামায় যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকার বিষয়টি উল্লেখ আছে। সংবিধানের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

তবে মনোনয়ন বাতিল হওয়ায় ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী। তিনি বলেন, ‘আমি মনে করি উনি (রিটার্নিং কর্মকর্তা) প্রথমেই বলছিল ছোট ছোট ভুল থাকলে একসেপ্ট (গ্রহণ) করা হবে। ওনার প্রতিনিধি বললো এবং অনেককে কারেকশনের (সংশোধন) সু্যোগ দেয়া হলেও আমাকে সুযোগ দেওয়া হয়নি।’

 

তিনি বলেন, ‘যিনি হলফনামা টাইপ করেছেন তিনি যুক্তরাজ্যের রেসিডেন্টের জায়গায় শুধু যুক্তরাজ্য লিখেছেন। এটা আমার ভুল হয়েছে। আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম, এখানে বাংলা লেখাটা আমার একটু সমস্যা ছিল। আপনারা হতাশ হবেন না। আমরা উচ্চ আদালত থেকে রায় নিয়ে আসব এবং আমাদের মনোনয়ন বৈধ হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর