রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ২৯ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩ নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মাত্র দুই বছরের শিশু আনাস। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুঃখজনক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

নিহত শিশু আনাস ফেনী জেলার বাসিন্দা রিয়াদের ছেলে। বড়বন্দ গ্রামের হানিফ খাঁর মেয়ের ঘরের নাতি আনাস কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল সে। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় পাশের জলাশয়ে পড়ে যায় শিশুটি।

 

স্থানীয়রা জানান, দুপুরের দিকে গ্রামবাসীর এক নারী প্রথমে পানিতে ভাসমান অবস্থায় আনাসকে দেখতে পান। সঙ্গে সঙ্গে চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং দ্রুত শিশুটিকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এমবিবিএস ডা. মতিউর রহমান শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

হঠাৎ ঘটে যাওয়া এই মৃত্যুসংবাদে পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে আসে গভীর শোক। নানার বাড়ির পরিবার থেকে শুরু করে পুরো গ্রামে বইছে শোকের ছায়া। মাত্র দুই বছরের একটি নিষ্পাপ শিশুর এভাবে ঝরে যাওয়া সবাইকে মর্মাহত করেছে।

 

স্থানীয় সচেতন মহল জানায়, বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়ির আশপাশে পুকুর, ডোবা বা খোলা পানির জায়গাগুলোতে শিশুদের পর্যবেক্ষণ ছাড়া থাকতে দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন দুর্ঘটনা প্রতিরোধে পরিবারকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

নিহত আনাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে দোয়ারাবাজারের বড়বন্দ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা সবার কাছে দোয়াপ্রার্থনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর