শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৯৯ সময় দেখুন

ঢাকা, ০৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার বিকালে নির্বাচন ভবনে কমিশন বৈঠকের পর সাংবাদিকদের নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

তিনি বলেন, ‘প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।’

 

আদালতের রায়ে ২০১৩ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেয়া হয়েছিল ২০১৬ সালে ফুল কোর্ট সভার একটি সিদ্ধান্ত অনুযায়ী। যেটি কোনো রায় ছিল না।

 

যে কারণে নিবন্ধন ফেরত পেতে জামায়াত আপিলের পাশাপাশিও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ বিষয়ে আলাদা একটি আবেদনও করেছিল।

 

সম্প্রতি আপিল বিভাগ জামায়াতের রিটের শুনানি শেষে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে ইসি জামায়াতের দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানায় আদালত।

 

তবে এখন নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় দাঁড়িপাল্লা নেই। সে কারণে নির্বাচন কমিশনের বৈঠকে এটিকে তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

 

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে হলে ইসির নিবন্ধন বাধ্যতামূলক। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। এজন্য দলগুলোর বিপরীতে ৫০টি প্রতীক সংরক্ষণ করেছে ইসি। আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য ২৫টি প্রতীক সংরক্ষণ করেছে সংস্থাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর