শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

হামজা চৌধুরী বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২২০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৭ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর অপেক্ষা ফুরোতে চলেছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। বাংলাদেশের হয়ে খেলার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফার অনুমতি পেয়েছেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোনো বাধা নেই। সম্প্রতি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে যুক্তরাজ্যে সাক্ষাৎ করেছেন এই ফুটবলার।

 

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন। গতকাল তিনি হামজা চৌধুরীর লেস্টার সিটির ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচের পর হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি।

 

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজও এই মুহূর্তে লন্ডন অবস্থান করছেন। দুই জনই গতকাল লন্ডন থেকে লেস্টারে গিয়ে হামজার খেলা দেখেছেন। লন্ডন থেকে লেস্টার ২ ঘণ্টার বেশি দূরত্ব। ইংল্যান্ড সময় সন্ধ্যা সাড়ে সাতটায় লেস্টার ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ ছিল।

 

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী সম্প্রতি ফুটবলে তার এসোসিয়েশন ইংল্যান্ড পরিবর্তন করে বাংলাদেশ করেছেন। ফিফার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই।

 

চলতি বছরের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার অভিষেক হওয়ার কথা। গতকাল বাফুফে সভাপতি সৌজন্য সাক্ষাতে সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে সামান্য আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

হামজার বাবা-মাও গতকাল লেস্টারের খেলা দেখতে স্টেডিয়ামে যান। খেলা শেষে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে হামজা ও তার পরিবার নৈশভোজে অংশ নেন। বাংলাদেশের ফুটবল ও বাংলাদেশ নিয়ে হামজার আন্তরিকতায় মুগ্ধ বাফুফে কর্তারা। লেস্টার থেকে শেফিল্ডে যাওয়ার একটি আলোচনা চলছে হামজার। ক্লাবের সঙ্গে আলোচনা করে হামজা বাফুফেকে তার সূচি জানাতে পারবেন কয়েক দিনের মধ্যে।

 

লেস্টারে নৈশভোজ শেষে বাফুফে কর্মকর্তারা লন্ডন ফিরেছেন ভোররাতে। কুয়াশাময় রাস্তায় লেস্টার থেকে লন্ডন ফিরতে খানিকটা বেগ পেতে হয়েছে তাদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর