রাশিয়ার একটি খনি থেকে ২৩৬ ক্যারেটের দুর্লভ রঙিন হিরার সন্ধান মিলেছে। উত্তর রাশিয়ার ওই খনিটি বিশ্বের অন্যতম বৃহৎ হিরা উৎপাদক সংস্থা অলরোসার মালিকানাধীন। রাশিয়ার কোনো খনি থেকে এর আগে এত বড়ো রঙিন হিরে পাওয়া যায়নি।
রাশিয়ার উত্তর প্রান্তের ইতুকিয়া অঞ্চল চরম জলবায়ুর জন্য পরিচিত। শীতকালে এখানে প্রায় কোনো কাজকর্ম করা যায় না। গোটা এলাকা পুরু বরফের চাদরে ঢাকা থাকে। একমাত্র গ্রীষ্মের কয়েক মাস এখানে কাজকর্ম করা যায়। এখানকারই আনাবার নদীর তীরে অবস্থিত অলরোসার এবেলিয়াখ খনি। কয়েক দিন আগে সেই খনি থেকে গাঢ় হলুদ-বাদামি রঙের দুর্লভ এই হিরার সন্ধান পাওয়া গিয়েছে। সেটি ১২০ মিলিয়ন থেকে ২৩০ মিলিয়ন বছর পুরনো বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে আলরোসার এক শীর্ষ কর্তা পাভেল ভিনিখিন বলেছেন, ‘এত বড় আকারের রঙিন হিরা বিশ্বে খুবই কম পাওয়া যায়। যে কারণে এটি একটি ইউনিক আবিষ্কার’। ওই হিরা কাটিং করার জন্য রাশিয়ার পাশাপাশি অনেক বিদেশি দামি দামি সংস্থা বিশেষ আগ্রহ দেখাবে বলে আশাবাদী তিনি।
যেটি ঘিরে এত চর্চা সেই দুর্লভ ২৩৬ ক্যারাট হিরার বাজার মূল্য কত, সেই বিষয়ে কিছু জানা যায়নি। মূল্য নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে রাশিয়ার ওই সংস্থাটি। তবে সেটির দাম যে বিপুল হবে তা বলার অপেক্ষা রাখে না।