সুলাইমান মুন্সী-ভ্রাম্যামান প্রতিনিধি (মুন্সিগঞ্জ), ২৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অস্থিরতা ও অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। শিল্পাঞ্চলেও শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতা আইনানুগ পন্থায় শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের চলমান যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা চলছে, তাকে সর্বাত্মকভাবে রুখে দিতে হবে।’

গত ১৬-১৭ বছর আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী সরকারের শাসন চলেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৬-১৭ বছর আমরা আলেমবিদ্বেষী এবং ইসলামবিদ্বেষী স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের শাসনে ছিলাম। জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিলাম। যেখানে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। যেখানে আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবন ধারণ করেছেন। যেখানে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী, গরিব ভাই-বোন ও আলেমদের হত্যা করা হয়েছে।’

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেই অপশক্তি বাংলাদেশে এখনো অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে সীমান্তের ওপার থেকে- আপনারা জানেন। তারা এমন অনাচার ও অগ্নিসন্ত্রাসের সৃষ্টি করছে, যার মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত ও বিপন্ন হতে পারে। কিন্তু আমরা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত ধৈর্যশীলতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করব।’

গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন গার্মেন্টস এলাকায়, আমাদের শিল্পাঞ্চলে অহেতুক অস্থিরতা সৃষ্টি ও উসকানির মধ্য দিয়ে শ্রমিক ভাইদের ব্যবহার করার চেষ্টা করেছিল। আমরা তাদের জন্য মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছি। সে জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। আপনারা জেনেছেন, গত দুই-এক দিন আগে সেই মজুরি ঘোষণা করা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করেছেন।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিক ভাইদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তারা কারা? তারা ওরাই, যারা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা তাদের চিহ্নিত করেছি।’

থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, তাদের আমরা চিহ্নিত করেছি। সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে আগুন লাগিয়ে দেওয়ার নির্দেশনা ও উসকানি দেওয়া হচ্ছে। এখানে তাদের যেসব নেতাকর্মী রয়েছে, তাদের ইন্ধন জোগানো হচ্ছে, উসকানো হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের এই মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না। তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। তাদের পূর্ব ইতিহাসের পুনরাবৃত্তি আমরা এ দেশে কখনো সফল হতে দেব না।’

রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এ দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী, পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করবে, সেই প্রশ্নে আমরা সবাই এক থাকব। সারা বাংলাদেশের সব নাগরিক এক থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, গণতান্ত্রিক চর্চা থাকবে, বিভিন্ন দলের বিভিন্ন রকম আদর্শ থাকবে, তর্ক-বিতর্ক হবে, সংসদে তর্ক-বিতর্ক হবে। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, এ দেশের ঐক্য রক্ষার জন্য- ফ্যাসিবাদবিরোধী যেভাবে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছিল, সেরকম ঐক্য আবার আমরা গড়ে তুলব।’