বরিশাল, ২৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি হচ্ছে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন। গণভোটের গণরায় মেনে নিতে হবে, অন্যথায় প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আবার ক্ষমতা থেকে বিদায়ও নিয়েছে। কিন্তু কেউই আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা কিংবা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। কিছু রাজনৈতিক দলের কথা ও কাজের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। যারা প্রকাশ্যে ইসলামী শরিয়াহর প্রতি বিশ্বাসের কথা স্বীকার করে না, তারাও নির্বাচনের সময় ভোট পাওয়ার আশায় ইসলামের কথা বলে। অথচ মানুষের কাছে তাদের অবস্থান ও বক্তব্যের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও আদর্শকে যথাযথভাবে উপলব্ধি করতে হবে। তার আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ থেকে দূরে সরে গিয়ে সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শ অনুসরণের বিকল্প নেই।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হিলফুল ফুজুল প্রতিষ্ঠার মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) অন্যায়-অবিচার দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই আদর্শ অনুসরণ করে সমাজের প্রতিটি পাড়া-মহল্লায় ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংগঠিত উদ্যোগ নিতে হবে। ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, গণভোটের রায়কে অগ্রাহ্য করে কোনো আলোচনা বা ঐকমত্যের উদ্যোগ সফল হতে পারে না। জনগণের বৃহত্তর অংশের মতামতকে সম্মান না জানালে আলোচনা হতে পারে না। ঐক্যবদ্ধ কমিশনের দীর্ঘ আলোচনার পরে গণভোট হলো, কিন্তু একটি দলের অসহযোগীতার জন্য সেই আলোচনা অর্থবহ হয়নি। জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় ঐক্যের কথা বলা বাস্তবসম্মত নয়, গণভোটের গণরায় মেনে না নেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আগমনে সমগ্র সৃষ্টিজগৎ উপকৃত হয়েছে। তিনি এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন, যখন সমাজে মানুষের জীবনের মূল্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত ছিল না। জাহেলি সমাজে দুর্বল ও অসহায় মানুষের অধিকার পদদলিত হতো। নারীর মর্যাদা ও নিরাপত্তা ছিল উপেক্ষিত। রাসুলুল্লাহ (সা.) মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন এবং মানবতার মুক্তির দিশা দিয়েছেন।
আলোচনা সভা শেষে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সীরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।