ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে ভালো করতে নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (গ্রেড-১, ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সম্পাদক ও পুলিশের এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) এ এন এম মারুফ আব্দুল্লাহ। এ ছাড়া শিশুরা মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী দলগুলোর মধ্যে জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন খুলনা মহানগর পুলিশ (কেএমপি), রানারআপ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

উশুতে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি, রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। অন্যদিকে কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানারআপ হয়েছে সিএমপি।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল।