ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, রিমান্ড শেষে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আট কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী ২৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। এর আগে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ বলে জানান।

পরে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিন বুকে সামান্য ব্যথা অনুভব করেন। এরপর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে আবার পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।

সিআইডির আবেদনে বলা হয়, ২৬ নভেম্বর রুহুল আমিনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরদিন ২৭ নভেম্বর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ-সংক্রান্ত চিকিৎসা সনদের সাত পৃষ্ঠার অনুলিপিও আদালতে দাখিল করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার দিন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন এবং তার সামনেই মামলার ঘটনা ঘটে। এ ছাড়া মামলার বিষয়ে তিনি আরও কিছু তথ্য দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলাটির এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাদের নাম, স্থায়ী ঠিকানাসহ অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে। মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রুহুল আমিনকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

মামলাটি পল্টন থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।