হেলথ ডেস্ক, ২৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫১ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সংবাদ সাবস্ক্রিপশন
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৭৩ জন সন্দেহজনক এবং ৭৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন সন্দেহজনক এবং ২৬ হাজার ৫৫৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন।