রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী আহত হলে তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এই বিস্ফোরণের পর পুরো আদালতপাড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আহত ওই আইনজীবীর নাম জানা যায়নি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনার নিশ্চিত করে সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম জানান, বিস্ফোরণের পরপরই আইনজীবী ও সেখানে থাকা সাধারণ মানুষ রাজীব ঘোষ নামে এক ব্যক্তি উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হয়। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করেন, স্বৈরাচারী হাসিনার দোসররা আদালত প্রাঙ্গণে নৈরাজ্য তৈরির উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। যেকোনো উপায়ে এদের প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকেও সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে একইভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সে সময় স্থানীয় জনতা দুজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ওই ঘটনার পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন, যার ভিত্তিতে পরবর্তীতে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।