গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থানের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর ফলে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালের দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে এলাকায় জড়ো হন এবং একপর্যায়ে সড়ক অবরোধের প্রস্তুতি নেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঠোর অবস্থান গ্রহণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আজ মহানগরীর কোনাবাড়ি ও পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এলাকার বেশ কিছু কারখানায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে, গাজীপুরে বিভিন্ন শ্রমিক আন্দোলনে হামলায় এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ জন সদস্য আহত হয়েছেন।