‘মাদক সমাজের অভিশাপ, প্রতিরোধ করাই হোক আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই দক্ষিণ মাঠে একটি বিশেষ মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। বুধবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, উন্মুক্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পঞ্চগ্রাম মানবতার কল্যাণে উন্নয়ন ও যুব সংঘের উদ্যোগে স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাউর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি জাহেদ তালুকদার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক আরজু মিয়া। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপদেষ্টা জুয়েলের বক্তব্য রাখেন শামসুদ্দিন, বদরুল ইসলাম, খায়েরুল ইসলাম, কয়েছ আহমেদ ও ওলিউর রহমান।

আলোচনা সভায় বক্তারা শান্তিগঞ্জ ও শিমুলবাঁক এলাকায় ইয়াবার ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা উল্লেখ করেন, বেকার যুবসমাজ মাদকের ছোবলে ধ্বংসের পথে যাচ্ছে, যা পারিবারিক বিপর্যয়ের পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধ বাড়িয়ে তুলছে। মাদক নির্মূলে শুধু পুলিশের ওপর নির্ভর না করে স্থানীয়ভাবে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তারা। একই সঙ্গে মাদকসেবীদের ঘৃণা না করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার ওপর জোর দেন বক্তারা। এছাড়া সুনামগঞ্জে সরকারি উদ্যোগে একটি মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের দাবি উত্থাপন করা হয়। বক্তারা বলেন, শিমুলবাঁকসহ শান্তিগঞ্জে দিন দিন ইয়াবার ব্যবহার বেড়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, শুধু পুলিশ দিয়ে মাদক বন্ধ করা যাবে না। ধীরে ধীরে বেকার যুবকেরা মাদকে জড়িয়ে পড়ছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুনামগঞ্জের গীতিকার মনসুর সানির সংগীত পরিবেশন করেন শিল্পী হাসনা হেনা ও মিতালি। স্থানীয় শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও যুবগোষ্ঠীসহ শত শত মানুষের অংশগ্রহণে সভাটি মাদকবিরোধী সামাজিক আন্দোলনের একটি অনন্য প্ল্যাটফর্ম হয়ে ওঠে।