দেশের পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত মজুরি বোর্ডের চতুর্থ সভায় ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে মজুরির অঙ্ক নিয়ে মতপার্থক্য থাকায় শেষ পর্যন্ত বোর্ডের সদস্যদের গোপন ভোটে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি।

বোর্ড সূত্রে জানা গেছে, ছয় সদস্যের বোর্ডের ভোটাভুটিতে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৭ হাজার টাকা সর্বনিম্ন মজুরি হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এতে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন, আর মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।

নতুন এই কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১ এর শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। এছাড়া গ্রেড-২ এর জন্য ২০ হাজার টাকা এবং গ্রেড-৩ এর জন্য ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। এর ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে শ্রমিকরা আগামী জানুয়ারি মাসে নতুন হার অনুযায়ী বেতন পাবেন।

পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে সব পর্যায়ের শ্রমিকের জন্য ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই ২ হাজার টাকা সমন্বয় করা হবে। এছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে বলে জানান চেয়ারম্যান। গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ৭০ কারখানায় ছুটি।

মজুরি বোর্ডের চেয়ারম্যান আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশের জন্য শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি এবং বেতন সমন্বয়ের বিস্তারিত তথ্য স্পষ্ট করা থাকবে। পরবর্তীতে কারখানা মালিকদের নতুন এই কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। চূড়ান্ত মজুরি কার্যকরের বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া ও গেজেট প্রকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ।

এর আগে, মজুরি নির্ধারণের বৈঠকে মালিকপক্ষ ১৬ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা দাবি করেছিল। এই দুই প্রস্তাবের মধ্যে সমঝোতা না হওয়ায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুযায়ী ভোটাভুটির পথ বেছে নিতে হয়। এর মাধ্যমে ১৭ হাজার টাকা একটি মধ্যবর্তী অঙ্ক হিসেবে গ্রহণ করা হয়েছে।