ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হবে। এরপর ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে।
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘হাসিনার রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস—সবকিছু মিলে যাচ্ছে। কী বলবেন, উনি মেহমান নাকি? উনি সারা জীবন বলতেন, আমরা পালিয়ে যাব না। উনি আসি আসি বললেও আসবেন না। আসতে বলেন তাকে—আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।’
তিনি আরও বলেন, ‘যদি আসতেই হয়, আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। সে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা নিয়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ড রাজনৈতিক নাটক ও মিডিয়া স্ট্যান্ডবাজি। আওয়ামী লীগের কিছু সমর্থককে উজ্জীবিত করতেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের পরাজয় ৫ আগস্ট হয়েছে। দলটির ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যও সেদিন চূড়ান্ত হয়েছে। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার যোগ্য নয়, বরং তাদের ফ্যাসিবাদী ও গণবিমুখ চরিত্রই বারবার প্রকাশ পাচ্ছে।
দীর্ঘমেয়াদি ঐক্যের ওপর গুরুত্ব : দেশে রাজনৈতিক ঐক্যের ধরন নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক বা কোনো নির্দিষ্ট মাস কিংবা ঋতুভিত্তিক ঐক্য টেকসই হয় না। দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি ঐক্য প্রয়োজন।
তিনি বলেন, গণরায়, গণভোট ও সংস্কারের ভিত্তিতে যেসব প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে, সেগুলো আবার সুদৃঢ় করার মধ্য দিয়েই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
ভারতের আধিপত্যবাদের বিরোধিতা : ভারতের ভূমিকা নিয়ে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য ভারত ষড়যন্ত্র করছে বলে তারা মনে করেন। তবে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।বাংলাদেশ ভ্রমণ গাইড
তিনি বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ, ভারত যে আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশকে নির্যাতন, নিপীড়ন এবং নিয়ন্ত্রণ করার মনোভাব পোষণ করে, তার বিরুদ্ধে হয়েছে ৫ আগস্ট।’
এ সময় সরকারের কাছে এ বিষয়ে পরিস্থিতির মাত্রা এবং তাদের পরিকল্পনা জানতে চাওয়ার কথাও জানান হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা কী, সে প্রশ্নও তোলেন তিনি।