ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য ও শিল্পপতি কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কে এস এম মোস্তাফিজুর রহমান বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এছাড়াও তার ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ ফার্মের উদ্যোগে শস্যে চিত্রে বঙ্গবন্ধু রচিত হয়।
পুলিশের প্রতিবেদনে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
তার বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত ৩টি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
এছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।