ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মালিকপক্ষ সর্বনিম্ন ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দিলেও শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় দুই পক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। তবে প্রস্তাবিত মজুরির মধ্যে বড় ব্যবধান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়েছে।
দুপুর ২টায় শুরু হওয়া সভার বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভা সূত্রে জানা গেছে, পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং চূড়ান্ত সুপারিশ প্রণয়নের বিষয়ে আলোচনা হয়।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা আলোচনা হয়। ওই বৈঠকে মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে মঙ্গলবারের সভায় তারা ১৫ হাজার ৭০০ টাকার লিখিত প্রস্তাব দেয়।
অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার প্রাথমিক দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। চতুর্থ সভাতেও সেই দাবিতে অনড় অবস্থান জানায় তারা।
বৈঠকে মালিকপক্ষের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান থাকায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
তবে উভয় পক্ষ নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী সভায় আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। ফলে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি এখনো ঝুলে রয়েছে।