ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করেছে সরকার। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নিতে সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, মেজর জেনারেল মো. জাহাংগীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে পুনরায় সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এর আগে তাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাংগীর আলমসহ সেনাবাহিনীর তিনজন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

মেজর জেনারেল মোহাম্মদ জাহাংগীর আলম ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন।